Loading...

  • ২৬ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের ‘অদৃশ্য’ সংকট ঠেকাতে ১৯ ডিপোতে বিজিবি

জ্বালানি তেলের ‘অদৃশ্য’ সংকট ঠেকাতে ১৯ ডিপোতে বিজিবি

"জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও পাচার রোধে দেশের ১৯টি গুরুত্বপূর্ণ ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ৯টি জেলায় শুরু হওয়া এই বিশেষ অভিযানে তেলের মজুত তদারকি ও সরবরাহ চেইন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। অসাধু সিন্ডিকেট রুখতে সরকারের এই কঠোর পদক্ষেপের বিস্তারিত জানুন।"

ঢাকা : জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কৃত্রিম সংকট ও পাচার রোধে দেশের ১৯টি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। 
গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই মোতায়েনের বিষয়টি শনিবার বিজিবি সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, শুধু পাহারা নয়, পুরো সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ।
বিজিবি সূত্র জানায়, ৯টি জেলার ১৯টি গুরুত্বপূর্ণ ডিপোতে অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছেন সদস্যরা। এরমধ্যে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামের ২টি, রংপুরের ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি ও সুনামগঞ্জ জেলায় একটি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ডিপোগুলোতে নিয়মিত তদারকি, মজুত যাচাই এবং তেল উত্তোলন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি। ট্রাক-লরি চলাচলও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে কোনোভাবেই তেল পাচার না হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই অভিযানের মূল লক্ষ্য ডিপো থেকে তেল সরবরাহে অনিয়ম বন্ধ করা। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পাচার ঠেকানো।
সূত্র জানিয়েছে, বিশ্ববাজারে দামের অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি অসাধু চক্র তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
সরকারের দাবি, দেশে তেলের কোনো ঘাটতি নেই। তবু পাম্পে সরবরাহ সংকট লেগে থাকায় মাঠে নেমেছে বিজিবি। সংশ্লিষ্টদের মতে, বিজিবির উপস্থিতি একদিকে যেমন সরবরাহ চেইনে শৃঙ্খলা আনবে, অন্যদিকে সিন্ডিকেটের জন্য কঠোর বার্তা দেবে।
শ-হা-২৮-০৩-২০২৬ ইং।